আলোচনাটা বেশ কিছুদিন ধরেই চলছিল। অবশেষে সব গুঞ্জন সত্যি করে কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। ২০২৬ বিশ্বকাপের মহারণ শুরুর আগেই এই ইতালিয়ান কোচের ওপর আস্থা রেখে চুক্তি আরও চার বছর বাড়িয়েছে তারা। ফলে ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের ডাগআউটে দেখা যাবে এই অভিজ্ঞ মাস্টারমাইন্ডকে।
গত রাতে এক বিবৃতিতে আনচেলত্তির চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ডাগআউটে আনচেলত্তির চুক্তি বাড়ানোকে ব্রাজিলের ফুটবল ইতিহাসের একটি ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেছেন সিবিএফ প্রেসিডেন্ট সামির জাউদ। তিনি বলেন, ‘কার্লো আনচেলত্তির চুক্তির নবায়ন আমাদের সেই অঙ্গীকারে আরেকটি দৃঢ় পদক্ষেপ। এই চুক্তির ফলে আমরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন জাতীয় দলের কাঠামো আরও শক্তিশালী, আধুনিক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পারব।’
রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০২৫ সালের মে মাসে ব্রাজিলের কোচের দায়িত্ব নিয়েছিলেন আনচেলত্তি। প্রাথমিকভাবে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর আগেই তার ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখল সিবিএফ।
চুক্তি বাড়ানোর পর উচ্ছ্বাস প্রকাশ করে সিবিএফের ওয়েবসাইটে আনচেলত্তি বলেন, ‘এক বছর আগে ব্রাজিলে এসে বুঝতে পেরেছিলাম তাদের কাছে ফুটবলের তাৎপর্য কী। সিবিএফ এবং আমি আরও বেশি কিছু চাই। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে পথ চলা অব্যাহত থাকবে। আমার ওপর বিশ্বাস রাখায় সিবিএফকে ধন্যবাদ। উষ্ণ অভ্যর্থনা এবং ভালোবাসার জন্য সবাইকে কৃতজ্ঞতা।’
কোচ হিসেবে চুক্তি নবায়নের স্বস্তি নিয়ে এবার হেক্সা মিশনের চূড়ান্ত দল গোছাতে লড়বেন আনচেলত্তি। আগামী ১৮ই মে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করবেন তিনি। এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ২০ ও ২৪ই জুন গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।
উল্লেখ্য, আগামী ১১ই জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপের। আর ১৯ই জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে ৪৮টি দল।
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
খেলা
২৫ দিন আগে
১৫ মে (শুক্রবার), ২০২৬, ২ঃ৪০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
