বিশ্বকাপের আগে উজ্জ্বল লিওনেল মেসি

বিশ্বকাপের আগে উজ্জ্বল লিওনেল মেসি

ফন্ট সাইজ:

বিশ্বকাপের আগে দারুণ ছন্দে লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে গতকাল জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক। আক্ষেপও রয়েছে। ক্যারিয়ারে আরেকটি হ্যাটট্রিক পেতে পারতেন খুদে জাদুকর। ৮৯ মিনিটে সিলভেত্তির পাস থেকে মেসির শট লাগে গোলপোস্টে। এরপর বল জালে জড়ায়। ধারাভাষ্যকক্ষে হ্যাটট্রিকের ঘোষণাও চলে আসে।

তবে মায়ামি গোলটা পায় আত্মঘাতী হিসেবে। মেসির শটটি পোস্টে লেগে গোলরক্ষক রোমান কেলেনতানোর গায়ে লেগে ভেতরে ঢোকায় হ্যাটট্রিক বঞ্চিত হন তিনি। এরপরও ওহাইয়োর টিকিউএল স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ৫-৩ গোলের জয় পায় মিয়ামি। মেসি প্রথম গোলের দেখা পান ২৪ মিনিটে। প্রতিপক্ষের ভুলে সুযোগ কাজে লাগিয়ে মায়ামিকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। বিরতির আগে সমতায় ফিরে সিনসিনাটি। সমতাসূচক গোলটি করেন কেভিন ডেনকি। বিরতি থেকে ফিরে পিছিয়ে পড়ে মিয়ামি। ৪৯ মিনিটে সিনসিনাটিকে এগিয়ে নেন পাভেল বোচা। এরপর আবারো ঝলক দেখান মেসি। ৫৫ মিনিটে বক্সের ভেতর পা লাগিয়ে স্কোরলাইনে সমতা (২-২) ফেরান আর্জেন্টাইন মহাতারকা। ৯ মিনিট পর আবারো এগিয়ে (৩-২) যায় সিনসিনাটি।

এবার দলটির পক্ষে গোল করেন এভেনদার। সেখান থেকে মিয়ামি শিবিরে স্বস্তি ফেরান মেসি। ৭৯ মিনিটে আর্জেন্টাইন কিংবদন্তির পাসে গোল করেন সিলভেত্তি। ৪ মিনিট পর মেসির ফ্রি কিক ধরতে গিয়ে হাত ফসকে যায় সিনসিনাটি গোলকিপারের। সেই সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৪-৩ করেন গেরমান বেরতেরামে। আর নির্ধারিত সময়ের ১ মিনিট আগে মেসির শটে গোলকিপারের গায়ে লেগে সেই আত্মঘাতী গোল। দুইবার পিছিয়ে পড়া মায়ামি তাতে মাঠ ছাড়ে ৫-৩ ব্যবধানের জয় নিয়ে।

এ জয়ে ১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এমএলএস পয়েন্ট তালিকায় মায়ামি এখন দুইয়ে। সমান ম্যাচে ১৬ পয়েন্ট তালিকার আটে সিনসিনাটি। ম্যাচ শেষে মিয়ামি কোচ গুইলারমো হোয়োস বলেন, ‘শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে তারা দারুণ খেলেছে। আমাদের ছেলেরা যে মানের ফুটবল খেলেছে, তা সত্যিই অবিশ্বাস্য। তারা নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে বিশ্বকে এটাই বুঝিয়ে দিয়েছে যে-এখানেও বিশ্বমানের ফুটবল খেলা হয়।’ আগামী রোববার ১৭ই মে ঘরের মাঠ দক্ষিণ ফ্লোরিডায় পোর্টল্যান্ড টিম্বার্সের মুখোমুখি হবে ইন্টার মায়ামি।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন