রাজধানীতে প্রকাশ্য দিবালোকে ব্যস্ত সড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন সাংবাদিক কাজী আল আমিন। ছিনতাইকারীরা তার মোবাইল-মানিব্যাগ টেনে হিঁচড়ে নিয়ে গেছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শ্যামলী শিশু মেলা এলাকায় বিআরটিসি বাসের মধ্যে বসে থাকা অবস্থায় এই ঘটনা ঘটে। ওই সময় শিশু মেলা এলাকায় দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যরা এগিয়ে আসলেও পাশেই দাঁড়িয়ে থাকা থানা পুলিশ কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন ওই সংবাদকর্মী। ভুক্তভোগী আল আমিন দৈনিক মানবজমিন-এর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিবেদক। শেরেবাংলা নগর থানায় এ বিষয়ে তিনি লিখিত অভিযোগও করেছেন।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সংবাদকর্মী আল আমিনের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ জমা নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ওই এলাকার ছিনতাইকারীদের ধরতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।
