দেশে প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল

ফন্ট সাইজ:

শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধীরা ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন। বিশ্ব আসরে স্বাভাবিক ক্রীড়াবিদরা যেখানে হিমশিম খান সেখানে পদক জিতে আনেন প্যারা অ্যাথলেটরা। তাই এবার দেশে প্রথমবারের মতো বৃহৎ আকারে প্যারা স্পোর্টস কার্নিভালের (ক্রীড়া উৎসব) আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি)। যার যাত্রা শুরু আজ। দেড় মাসব্যাপী এই উৎসবে এক হাজারের বেশি হুইলচেয়ার ক্রিকেটার, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার এবং প্যারা ক্রীড়াবিদরা অংশ নেবেন।

ক্রিকেটের খেলাগুলো হবে বিসিবি’র বিভিন্ন মাঠে। এবং অন্য খেলাগুলো হবে গুলশান ইয়ুথ ক্লাব, বিভিন্ন আউটডোর ও ইনডোর স্টেডিয়াম এবং সুইমিং কমপ্লেক্সে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আয়োজক কমিটির চেয়ারম্যান নাসিরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি তামিম ইকবালসহ সাবেক অনেক ক্রিকেটার। এনপিসির মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল বলেন, ‘আমাদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানও থাকতে পারেন প্যারা ক্রীড়াবিদদের উৎসাহ দেওয়ার জন্য। মূলত সামনে এশিয়ান প্যারা গেমসসহ আন্তর্জাতিক অনেক খেলা রয়েছে। সেগুলোতে ভাল ফল করার জন্যই আমরা দেড় মাসব্যাপী এই ক্রীড়াযজ্ঞের আয়োজন করেছি।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন