বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ১৬তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. একরামুল হক। তাঁকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। ড. একরামুল হক বর্তমান উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান ।
প্রফেসর ড. একরামুল হক ১৯৮৯ সালে বুয়েটের পুরকৌশল বিভাগ থেকে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং মেধাতালিকায় অনার্স মার্কসসহ দ্বিতীয় স্থান অধিকার করেন। একই বছর তিনি বুয়েটে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯২ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৭ সালে সহযোগী অধ্যাপক এবং ২০০৫ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৭ সাল থেকে তিনি গ্রেড-১ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. একরামুল হক ১৯৯৬ সালে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণাক্ষেত্রে তাঁর অবদান দেশ-বিদেশে সমাদৃত। আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য জার্নালে তাঁর ৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
নবনিযুক্ত উপাচার্যের নেতৃত্বে বুয়েট শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে মহল আশা করছেন সংশ্লিষ্টরা।
