লিওনেল মেসি যেন থামতেই জানেন না। ৩৮ বছর বয়সেও মাঠের দখল যে তার পায়েই থাকে, আরও একবার তা প্রমাণ করলেন এই আর্জেন্টাইন মহাতারকা। সিনসিনাটির বিপক্ষে দুই গোল ও এক অ্যাসিস্টে ইন্টার মিয়ামিকে ৫-৩ গোলের দুর্দান্ত এক জয় এনে দিয়েছেন তিনি। এই জয়ে যেমন মিয়ামি পূর্ণ পয়েন্ট পেয়েছে, তেমনি মেসি পৌঁছে গেছেন নতুন এক মাইলফলকে।
ম্যাচে তিন গোলের সুবাদে মেসির ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯১০। চলতি মৌসুমে ১২ ম্যাচে তার গোলসংখ্যাও এখন সমান ১২।
ম্যাচের শুরুটা ছিল বেশ নাটকীয়। গোলশূন্য অবস্থায় রদ্রিগো ডি পলের একটি পাস ক্লিয়ার করতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলেন সিনসিনাটির ডিফেন্ডার মাতিয়াস মিয়াজা। তার শট মেসির গায়ে লেগে জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় মিয়ামি।
তবে লড়াই ছাড়েনি সিনসিনাটি। তারা সমতায় ফেরার পর ২-১ ব্যবধানে লিড নেয়। চাপের মুখে আবারও জ্বলে ওঠেন মেসি। ডি পলের পাসে ঠান্ডা মাথার ফিনিশিংয়ে স্কোরলাইন ২-২ করেন তিনি।
নাটক তখনও বাকি। সিনসিনাটি ৩-২ ব্যবধানে এগিয়ে গেলে ম্যাচে হারের শঙ্কা জাগে মিয়ামির। ঠিক তখনই মেসির দারুণ এক অ্যাসিস্টে গোল করে দলকে সমতায় (৩-৩) ফেরান মাতেও সিলভেত্তি। এরপর জার্মান বের্তেরামে লক্ষ্যভেদ করলে ৪-৩ এ এগিয়ে যায় মিয়ামি। ৮৮ মিনিটে হওয়া ম্যাচের সর্বশেষ গোলে মেসির প্রচেষ্টা বারে লেগে ফেরার পর, সিনসিনাতি গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ায়। প্রথমে সেটিকে মেসির গোল হিসেবে দেখালেও, পরে এমএলএস কর্তৃপক্ষ আত্মঘাতী গোল হিসেবে গণ্য করা হয়েছে। এতে মিয়ামির দল ৫-৩ গোলের জয় নিশ্চিত হয়।
