বিশ্বকাপ সামনে রেখে ৩৪ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে কাতার। অভিবাসী ফুটবলার সেবাস্তিয়ান সোরিয়াকে বিশ্বকাপের প্রাথমিক দলে রেখেছেন কাতার কোচ হুলেন লোপেতেগি। এতে বিশ্বকাপে ৩২ বছরের পুরনো রেকর্ড ভাঙার অপেক্ষায় সোরিয়া। ৪২ বছর বয়সী এ ফুটবলার কাতারের চূড়ান্ত দলে সুযোগ পেলে এবং বিশ্বকাপে খেলতে পারলে ভেঙে দেবেন রজার মিলার ৩২ বছরের পুরনো রেকর্ডটি। ১৯৯৪ বিশ্বকাপে নিজের শেষ বিশ্বকাপ খেলেন ক্যামেরুনের কিংবদন্তি ফুটবলার রজার মিলা।
সে বছর ২৮শে জুন রাশিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার সময় মিলার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। উরুগুয়েতে জন্ম সোরিয়ার বয়স এখন ৪২ বছর ১৮৬ দিন (১৩ মে ২০২৬ পর্যন্ত)। অর্থাৎ, বিশ্বকাপে খেলার সুযোগ পেলে এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ডটি সোরিয়ার হবে। সোরিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার ২০১৭ সালের পর প্রায় শেষই হয়ে গিয়েছিল। ২০২২ বিশ্বকাপেও তাকে দলে নেয়া হয়নি। তবে গত অক্টোবরে তাকে আবার জাতীয় দলে ডাকা হয় এবং কাতারের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাই ম্যাচে খেলেন সোরিয়া। সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ গোলের জয়ে অবদান রাখেন সোরিয়া।
ম্যাচের পর এক ইনস্টাগ্রাম পোস্টে সোরিয়া লিখেছিলেন, ‘আল আনাবি (কাতারের অন্য নাম, যার অর্থ মেরুন) জার্সি আবার পরতে পেরে এবং এই সুন্দর দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’ ২০০৪ সালে কাতারের লীগে খেলা শুরু করেন সোরিয়া এবং ২০০৭ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। সব পজিশন মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হলেন মিসরের সাবেক গোলকিপার এসাম এল হাদারি।
২০১৮ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে ম্যাচে খেলার সময় হাদারির বয়স ছিল ৪৫ বছর ১৬১ দিন। আগামী ১১ই জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। কাতার আগামী ১৩ই জুন সান ফ্রান্সিসকোতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ১৯শে জুন ভ্যাঙ্কুভারে তারা খেলবে স্বাগতিক কানাডার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪শে জুন তাদের প্রতিপক্ষ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।
