‘ধুলোয় মিশে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট, বাংলাদেশ-জিম্বাবুয়ে সবার কাছেই হারে তারা’

‘ধুলোয় মিশে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট, বাংলাদেশ-জিম্বাবুয়ে সবার কাছেই হারে তারা’

ফন্ট সাইজ:

ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি করেও ব্যর্থ হয় পাকিস্তান। আইসিসি’র ইভেন্ট শেষে বাংলাদেশের বিপক্ষে যে চার ম্যাচ খেলেছে, তার মধ্যে তিনটিতে হেরেছে পাকিস্তান। শান মাসুদ-মোহাম্মদ রিজওয়ানদের এমন অবস্থা দেখে সামাজিক মাধ্যমে ক্ষোভ ঝেড়েছেন আহমেদ শেহজাদ। যে পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ বিশ্বকাপে জয়ের পর ১৬ বছর কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ, ২০১৫ সাল থেকে সেই চিত্রটা বদলেছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি- যে কোনো সংস্করণের ম্যাচই হোক না কেন, পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে সমানে সমানে।

মার্চে ওয়ানডে সিরিজ হারের পর মঙ্গলবার মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানে পাকিস্তান হেরেছে বাংলাদেশের কাছে। ১০৪ রানের জয়ে নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নাহিদ রানাদের কৃতিত্ব দিয়েছেন শেহজাদ। একই সঙ্গে পাকিস্তানের সাবেক ওপেনার ধুয়ে দিয়েছেন মাসুদ-রিজওয়ানদের। প্রসঙ্গক্রমে শেহজাদ উল্লেখ করেছেন জিম্বাবুয়ের কথা। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, ‘বাংলাদেশ নিজেদের মাঠে পুরো পাঁচ দিন আধিপত্য বিস্তার করে খেললো। শেষ পর্যন্ত ম্যাচটা জিতলো।

কখনো তোমরা (পাকিস্তান) জিম্বাবুয়ের কাছে হারো, কখনো বাংলাদেশের কাছে। ধুলোয় মিশে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেট।’ শেহজাদের মতে গত দুই বছরে পাকিস্তানের কোনো উন্নতি হয়নি। বাংলাদেশের কাছে ১০৪ রানে হারের পর নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সাবেক পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘২০২৪ সালে বাংলাদেশ তোমাদের যেভাবে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছিল, সেটা আসলে ফ্লুক ছিল না। তোমরা বলেছিলে ভাগ্যের জোরে তারা (বাংলাদেশ) জিতেছে। এরপর ওয়ানডে সিরিজে তারা তোমাদের হারালো। তোমাদের দিয়ে হবে না।’ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হারলেও পাকিস্তান ফাইনালে উঠেছিল।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পাকিস্তান রানার্সআপ হয়েছিল ইংল্যান্ডের কাছে হেরে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরে প্রথম রাউন্ড থেকেই পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে গিয়েছিল। এ ছাড়া ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি সব জায়গাতেই একই অবস্থা পাকিস্তানের। বৈশ্বিক টুর্নামেন্টে হতশ্রী অবস্থা দেখে শেহজাদ বলেন, ‘তোমরা বিশ্বকাপে গিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নাও।

এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে।’ মিরপুরে প্রথম টেস্ট শুরুর আগে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এগিয়ে ছিল পাকিস্তান। বাংলাদেশ ছিল পিছিয়ে। মঙ্গলবার মিরপুরে ১০৪ রানে জয়ের পর দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে বাংলাদেশ। শান্তর দলের সফলতার হার ৪৪.৪৪ শতাংশ। অন্যদিকে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে। তাদের সফলতার হার ৩৩.৩৩ শতাংশ। ১৬ই মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন