পবিত্র ঈদুল আজহায় যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি বগি (কামরা) বরাদ্দ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন।
আবেদনে বলা হয়, ২০২১ সালের ৭ই মার্চ হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ, এ বিষয়ে একটি রুল জারি করেন। রুল জারির পর সরকারপক্ষের বিবাদীগণ ঈদ উৎসবসমূহে সকল যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনে নারীদের জন্য একটি পৃথক বগি চালু করেন। কিন্তু সরকার পরিবর্তনের পর নতুন সরকার কোনো আন্তঃনগর ট্রেনে ঈদ উৎসবকালে নারীদের জন্য সংরক্ষিত বগির ব্যবস্থা রাখেনি। যদিও প্রচলিত আইনের বিধান বাস্তবায়ন করে নারীদের জন্য সংরক্ষিত বগির ব্যবস্থা গ্রহণ করা সরকারের আইনগত দায়িত্ব, তথাপি তারা তা করতে ব্যর্থ হয়েছে। ফলে নারী যাত্রীরা পুনরায় ভোগান্তির শিকার হচ্ছেন।
আইনজীবী মো. আজমল হোসেন খোকন বলেন, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারা অনুসারে প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরা থাকার কথা। ৫০ মাইলের বেশি ভ্রমণকারী ট্রেনের ক্ষেত্রে ওই কামরার সঙ্গে একটি শৌচাগার সংযুক্ত থাকবে বলা আছে। সেখানে বিনা অনুমতিতে প্রবেশ করলে জরিমানা আরোপের কথা উল্লেখ আছে ১১৯ ধারায়। ওই দুই ধারার বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষাপটে ২০২১ সালে রিট করেন আইনজীবী মমতাজ পারভীন। পরে ১০ই মার্চ হাইকোর্ট রুল জারি করেন। রুলে আইনের বিধান অনুযায়ী যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট কামরা বরাদ্দ রাখতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন।
সেই বিচারাধীন রুলে সম্পূরক আবেদনে এ আদেশ দেন বলে জানিয়ে আইনজীবী জানান, আইনে আছে আলাদা কামরার কথা সেটি বাস্তবায়নের রুল বিচারাধীন। এই অবস্থায় ঈদে নারীদের কষ্ট লাঘবে এ আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এই আদেশ দিয়েছেন।
