অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাতবোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকালে ডাকাতির প্রস্তুতিকালে যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ হতে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. লিটন জব্বার, ইসমাইল হোসেন মামুন, বাবুল বাবু, আইয়ুব ভূঁইয়া ও রোমান। ডাকাতদলের এই চক্রটি ঈদকে সামনে রেখে ডাকাতির পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। মোবাইল ব্যাংকিং এজেন্টদের টাকা ও পার্শ্ববর্তী জেলায় সোনার দোকানে ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। গতকাল ডিএমপি’র মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান ডিবি’র অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি বলেন, ডিবি ওয়ারী সূত্রে জানা যায়, সোমবার বিকালে বিশেষ অভিযানের সময় ডিবি-ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ হতে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের মডার্ন বিকল্প উডেন ফার্নিচার দোকানের সামনে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে এ সকল স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, ১টি চাপাতি ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডিবি’র অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে যশোর জেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হাতবোমা তৈরি করতো। পরবর্তীতে তা ঢাকা শহরে এনে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রয় করতো এবং অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি করে আসছিল।
গ্রেপ্তারের সময় তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দু’টি পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
