‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’সহ নানা স্লোগান সহকারে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ সিলেট মহানগর। বিকাল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসা করার সুযোগ দিতে এই বিক্ষোভ মিছিল করা হয়।
মঙ্গলবার বিকালে নগরীর রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেলের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, আমরা নিজেরাই কর্মসংস্থান তৈরি করে কোনোমতে সংসার চালিয়ে যাচ্ছি। আমাদের মাধ্যমে দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বেড়ে উঠছে। আমরা দেশের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখছি। কিন্তু আমাদের উপরেই নির্যাতন করছে প্রশাসন।
প্রশাসন যদি এমন আচরণ করে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সবসময় হকাররা প্রশাসনের নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন। মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- খলিল মিয়া, আওয়াল হোসেন, মিজানুর রহমান, নাসির হোসেন, রুবেল ইসলাম, জাকির হোসেন, শাহ আলম, জামাল উদ্দিন, হোসেন, আলো দাস, কৃষ্ণ, দেলোয়ার, বারেক আহমদ, তিলু মিয়া, নাহিদ মিয়া, অপু মিয়া, রফিক, জুয়েল মিয়া, কাজল মিয়া প্রমুখ
