চোট ও মাঠের লড়াই—সব বাধা জয় করে টানা দ্বিতীয়বারের মতো ফরাসি লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন প্যারিস সেইন্ট-জার্মেইয়ের (পিএসজি) উসমান দেম্বেলে। সোমবার রাতে প্যারিসে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তার হাতে এই ট্রফি তুলে দেওয়া হয়। এর মাধ্যমে জ্লাতান ইব্রাহিমোভিচের (২০১৪) পর পঞ্চম খেলোয়াড় হিসেবে টানা দুই বছর এই সম্মান জেতার বিরল নজির গড়লেন ২৮ বছর বয়সী দেম্বেলে।
গত বছর কিলিয়ান এমবাপ্পের উত্তরসূরি হিসেবে প্রথমবার এই মুকুট পরিধান করেন দেম্বেলে। এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। ট্রফি হাতে নিয়ে আবেগপ্লুত দেম্বেলে বলেন, ‘এটি ব্যক্তিগত অর্জন মনে হলেও, আমার এই সব সাফল্যের মূলে রয়েছে পুরো দল। দলের সতীর্থদের সহযোগিতা ছাড়া আজকের এই সম্মান অর্জন করা সম্ভব হতো না।’ এবারের মৌসুমটি দেম্বেলের জন্য খুব একটা সহজ ছিল না। চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। গত মৌসুমে যেখানে ২০টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন, সেখানে তিনি এবার লীগে মাত্র ৯টি ম্যাচে শুরুর সুযোগ পেয়েছেন। মাঠে কাটিয়েছেন স্রেফ ৯৬০ মিনিট। তবে অল্প সময়ের মধ্যেই ১০টি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬টি গোল।
দেম্বেলের এই সাফল্যের দিনে পিএসজিও লীগ শিরোপার একদম দ্বারপ্রান্তে। গত রোবিবার ব্রেস্তকে ১-০ গোলে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লসের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেছে লুইস এনরিকের শিষ্যরা। আগামীকাল লসের বিপক্ষে হার এড়াতে পারলেই টানা পঞ্চম এবং শেষ ১৪ বছরে দ্বাদশবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে প্যারিসের ক্লাবটি। লীগ শিরোপার পাশাপাশি পিএসজির চোখ এখন চ্যাম্পিয়নস লীগের ফাইনালে। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে রোমাঞ্চকর হারিয়ে ফাইনালে আর্সেনালের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা।
এবারের আসরে দেম্বেলের সতীর্থ দিজিরে দুয়ে জিতেছেন সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। অন্যদিকে, লসকে শিরোপার লড়াইয়ে টিকিয়ে রাখার অসামান্য কৃতিত্বের জন্য বর্ষসেরা কোচের খেতাব জিতেছেন পিয়েরে সেজ।
