শিরোপা উৎসবে ইয়ামালের হাতে ফিলিস্তিনি পতাকা

শিরোপা উৎসবে ইয়ামালের হাতে ফিলিস্তিনি পতাকা

ফন্ট সাইজ:

স্প্যানিশ লা লিগার ২৯তম শিরোপা জয়ের রাজকীয় উদযাপনে ভিন্ন এক মাত্রা যোগ করলেন লামিন ইয়ামাল। সোমবার বার্সেলোনা শহরের রাস্তায় আয়োজিত ছাদখোলা বাসের শোভাযাত্রায় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে গাজায় নির্যাতিত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেছেন কাতালানদের এ তারকা ফরোয়ার্ড।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে আগের দিন টানা দ্বিতীয়বারের মতো লীগ শিরোপা নিশ্চিত করে বার্সা। সোমবার সেই বিজয় মিছিলে যোগ দেয় প্রায় সাড়ে সাত লাখ ফুটবল প্রেমী। উৎসবের মধ্যমণি হয়ে ওঠেন ইয়ামাল। তিনি যখন বাসের ওপর দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছিলেন, তখন উপস্থিত জনতা করতালি ও স্লোগানে তাকে সমর্থন জানান। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার বার্সেলোনা শহর। এরপর ইয়ামালের এই পদক্ষেপ যেন সেই আবেগেরই প্রতিফলন। লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করার আনন্দ এভাবেই সমর্থকদের সঙ্গে ভাগ করে নেন ইয়ামাল।

তবে শুধু সংহতি প্রকাশই নয়, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে খোঁচা দিতেও ছাড়েননি ১৮ বছর বয়সী ইয়ামাল। উদযাপনের এক পর্যায়ে ইয়ামাল একটি জার্সি উঁচিয়ে ধরেন, যাতে লেখা ছিল, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, যে আমি মাদ্রিদিস্তা (রিয়াল সমর্থক) নই।’ এরপর ইয়ামালের বাবা মুনির নাসরাওইয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেখা যায়। মূলত, ইয়ামালের বাবা একজন সাবেক রিয়াল মাদ্রিদ ভক্ত।

চোটের কারণে গত এল ক্লাসিকোতে মাঠে নামতে না পারলেও, ইয়ামালের এমন উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে গেছে। বার্সা কর্তৃপক্ষের আশা, আগামী ১১ই জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন স্পেনের এই পোস্টার বয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন