ফুটবল বিশ্বকাপের বাঁশি বাজতে বাকি মাত্র এক মাস। ঠিক এমন সময়ে লঙ্কাকাণ্ড ঘটে গেল প্রথমবারের মতো মূলপর্বের টিকিট পাওয়া কুরাসাও ফুটবল শিবিরে। খেলোয়াড় ও স্পন্সরদের নজিরবিহীন চাপের মুখে পদত্যাগ করেছেন দলটির ডাচ কোচ ফ্রেড রুটেন। সোমবার কুরাসাও ফুটবল ফেডারেশনের (এফএফকে) সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে জরুরি বৈঠকের পর সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
রুটেনের এই প্রস্থান মূলত একটি ‘সাইলেন্ট রিভোল্ট’ বা নিরব বিদ্রোহের ফল। গত মার্চে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ও চীনের কাছে বিধ্বস্ত হওয়ার পর থেকেই ড্রেসিংরুমে রুটেনবিরোধী মনোভাব দানা বাঁধে। খেলোয়াড় ও স্পন্সররা একযোগে দাবি তোলেন—বিগত নভেম্বরে দেশটিকে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট এনে দেয়া ডিক অ্যাডভোকাটকে ফিরিয়ে আনার। ফেডারেশন প্রথমে এই দাবি নাকচ করলেও পরিস্থিতির গুরুত্ব বুঝে নিজেই সরে দাঁড়িয়েছেন ৬৪ বছর বয়সী রুটেন। এক বিবৃতিতে এফএফকে জানায়, দলের স্থিতিশীলতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় রুটেন বলেন, ‘দলের ভেতরে পেশাদার সম্পর্ক নষ্ট করে এমন পরিবেশ থাকা উচিত নয়। তাই সরে দাঁড়ানোই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছি। সময় খুব কম, তাই কুরাসাওয়ের বৃহত্তর স্বার্থে আমার সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ।’
এদিকে, রুটেনের বিদায়ে ৭৮ বছর বয়সী ডিক অ্যাডভোকাটের ফেরার পথ পরিষ্কার হলো। গত ফেব্রুয়ারিতে মেয়ের অসুস্থতার কারণে দায়িত্ব ছাড়া এই অভিজ্ঞ কোচ পুনরায় ডাগআউটে দাঁড়াতে আগ্রহী বলে জানিয়েছে ডাচ সংবাদমাধ্যম। শেষ পর্যন্ত এই প্রত্যাবর্তন ঘটলে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড গড়বেন অ্যাডভোকাট।
ক্যারিবিয়ান সাগরের ক্ষুদ্রতম দেশ হিসেবে ‘ই’ গ্রুপে লড়বে কুরাসাও। ১৪ই জুন হিউস্টনে পরাশক্তি জার্মানির বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এরপর ২১ ও ২৬শে জুন ইকুয়েডর ও আইভরি কোস্টের মুখোমুখি হবে তারা।
