মিরপুর টেস্টের শেষ দিনে ৯ উইকেটে ২৪০ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে লিড ২৬৭ রানের। অর্থাৎ মিরপুর টেস্ট জিততে দুই সেশনের একটি বেশি সময় ব্যাট করে পাকিস্তানকে ২৬৮ রান করতে হবে।
এর আগে তৃতীয় বারের মতো টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ হাতছাড়া করেছেন নাজমুল হোসেন শান্ত। অতি অভিজাত শট খেলতে গিয়ে ৮৭ রানে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক।
৫৮ রান নিয়ে শেষ দিন ব্যাট করতে নামেন শান্ত। এদিন শুরুতেই মুশফিকুর রহীমের পর প্যাভিলিয়নের পথ ধরেন লিটন দাস। দুজন বিদায় নিলেও সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রেখেছিলেন শান্ত। কিন্তু ভালো খেলতে খেলতেই আউট হন। নোমান আলীর একটি ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়েছিলেন। বলের লাইনে না যাওয়ায় ব্যাটে স্পর্শ না করে সোজা প্যাডে গিয়ে লাগে।
