গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

ফন্ট সাইজ:

গাজীপুরের একটি পোশাক কারখানায় হঠাৎ করেই অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদেরকে হাসপাতালে নেয়া হলে অন্তত ১৬ জনকে ভর্তি করা হয়। এ ঘটনায় কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার প্যানাসিয়া ক্লোদিং লিমিটেড কারখানার শ্রমিকরা জানায়, সোমবার সকালে কারখানায় গিয়ে মিলাদ মাহফিল শেষে একে একে শ্রমিকরা অসুস্থ হতে থাকেন।

পরে তাদেরকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। এর আগে গত শুক্রবার শ্বাসকষ্টে কারখানায় একজন শ্রমিক মারা যায়। এতেই অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। এ বিষয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম জানান, গণ মনোদৈহিক রোগে আক্রান্ত এসব রোগীদের নিয়ে তেমন কোনো আশঙ্কা নেই।

চিকিৎসা দেয়ার পর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। এদিকে কারখানা কর্তৃপক্ষ জানান, প্রথমে একজন নারী শ্রমিক হঠাৎ চিৎকার করেন। তারপর থেকেই অন্যরা অসুস্থ হতে থাকে। বিষয়টি পরিকল্পিত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। জিএমপি’র বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, ওই কারখানায় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া, কারখানাটি ছুটি দেয়া হয়। সেখানে শিল্প পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন