ময়মনসিংহের গৌরীপুরে বাকপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মো. ইয়াসিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বিকালে উপজেলার সহনাটি ইউনিয়নের ঘাটেরকোনা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ইয়াসিন একই গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভিকটিমের বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ইয়াসিন ওই তরুণীর বসতঘরে প্রবেশ করে।
পরে ভয়ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। পরে সন্ধ্যায় ভিকটিমের বাবা-মা বাড়িতে এলে তরুণী ইশারা-ইঙ্গিতে ঘটনার বিষয়টি তাদের জানায়। পরে স্থানীয়রা বিষয়টি আইনগত ব্যবস্থা নিতে জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে গৌরীপুর থানা পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় সোমবার দুপুর ১টার দিকে অভিযুক্ত ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
