মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী ‘সব নারীতেই মা’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে নারীদের সংগঠন- জলকন্যা। প্রদর্শনীতে জলরঙের পাশাপাশি অ্যাক্রিলিক ও কফি মাধ্যমের কাজ উপস্থাপন করা হয়েছে। গত রোববার বিকালে ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান এবং সঙ্গীতশিল্পী মেহরীন। জলকন্যার ১২ জন শিল্পীর ৩৫টি শিল্পকর্ম এতে দেখানো হয়।
প্রদর্শনীতে অংশ নেন সুপর্ণা এলিস গমেজ, সাবিয়া নাসরিন, এলিনা চাকমা, মাহফুজা খানম, জ্যাকলিন রিয়া রোজারিও, শামা সায়োম, এনেষ্টিনা পাপিয়া গমেজ, দীপান্বিতা মহলদার, ইসরাত বিনতে রউফ, সালসাবিল সুলতানা, জীনাতুল কুবরা নিপা এবং সিলভিয়া তেরেজা কস্তা প্রমুখ শিল্পী। ৬ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে ১৫ মে শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
জলকন্যার কর্ণধার সুপর্ণা এলিস গমেজ বলেন, মাতৃত্ব একটি বোধের নাম। বয়সন্ধিকালের সাথে মেয়েদের যে শারীরিক পরিবর্তন ঘটতে থাকে ঠিক সেই সময় থেকেই একটি মেয়ের ভেতরে মাতৃত্ববোধের জন্ম হয়। শুধুমাত্র নিজ গর্ভে সন্তান জন্ম দিলেই মা হয় না। পৃথিবীতে অনেক মা-ই সন্তানকে অবৈধ ভেবে আঁস্তাকুড়ে ফেলে দেন। মা হতে হলে মাতৃত্ব বোধ থাকতে হবে।
কিউরেটর শিল্পী অশোক কর্মকার বলেন, জলকন্যারা ছবি এঁকে প্রদর্শনী করছে। নাম দিয়েছে সব নারীতেই মা। মায়েরা নিজেদের কাজের বাইরেও যে ছবি আঁকছে, প্রদর্শনী করছে সেজন্য তাদের ধন্যবাদ। সঙ্গীতশিল্পী মেহরীন বলেন, আমি একজন মা আবার আমারও একজন মা আছেন। মা হিসেবে আমার অনেক স্মৃতি। এক জীবনে মায়ের কথামতো চললে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। স্বর্গের চাবিই কিন্তু মায়ের হাতেই থাকে। চিত্রশিল্পী ও ভাস্কর আইভী জামান বলেন, একটি বিশেষ দিনই শুধু মা দিবস না। প্রতিদিনই মা দিবস। পৃথীবীই আমার মা। এই মাটি আমার মা। জলকন্যারা মা হিসেবে সকল কাজ করেও তারা এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন তাদের সাধুবাদ জানাই।
জলকন্যার আয়োজনে কিউরেশনে সহযোগিতা করেছেন শিল্পী অশোক কর্মকার এবং প্রদর্শনীর টাইটেল স্পনসর হিসেবে ছিলো দ্য সিটি ব্যাংক পিএলসি। জলকন্যা এখানে নারীরা জলের সহযোগিতায় যেসব রং ব্যবহার করা হয় তা দিয়ে ছবি আঁকেন। তাই এর নাম জল+কন্যা-জলকন্যা।
