টানটান উত্তেজনার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা ধরে রাখলো বার্সেলোনা। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আজ কাতালানদের জয় ২-০ গোলে। এই জয়ের ফলে লীগের তিন ম্যাচ বাকি থাকতেই ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বার্সা।
লা লিগার ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় ঘটনা, যেখানে এল ক্লাসিকোর ফলাফল সরাসরি শিরোপা নির্ধারণ করে দিলো। এর আগে ১৯৩২ সালে এমনটি ঘটেছিলো। সেবার শিরোপা ঘরে তোলে রিয়াল। অল হোয়াইটরা এবার তার পুনরাবৃত্তি ঠেকাতে পারলো না।
ম্যাচের ঠিক আগমুহূর্তে বাবার মৃত্যুর সংবাদ পান হান্সি ফ্লিক। শোককে শক্তিতে রূপান্তর করে ডাগআউটে উপস্থিত ছিলেন বার্সা কোচ। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন। শিরোপা নিশ্চিতের পর আবেগী কণ্ঠে ফ্লিক বলেন,‘এই দল এখন একটি পরিবার। সমর্থকদের সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না।’
মার্কাস রাশফোর্ড ও ফেররান তোরেসের শুরুর দিকের দুই গোলই শিরোপা নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল স্বাগতিকদের। গত মৌসুমে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হওয়ার পর ফ্লিকের অধীনে এটি বার্সার পঞ্চম শিরোপা। এ জয়ের মাধ্যমে বার্সা তাদের ২৯তম লীগ শিরোপা ঘরে তুলল। অন্যদিকে, টানা দ্বিতীয় মৌসুম কোনো ট্রফি ছাড়াই কাটাতে হচ্ছে রিয়ালকে। মাঝপথে জাভি আলোনসোকে বরখাস্ত করে আলভারো আরবেলোয়াকে দায়িত্ব দিলেও ভাগ্য ফেরাতে পারেলো না লস ব্লাঙ্কোসরা।
চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে ইউরোপিয়ান স্বপ্নভঙ্গ হয় বার্সার। তবে ঘরোয়া ফুটবলে তাদের আধিপত্য নিয়ে কোনো সন্দেহই আর থাকলো না। টানা ৫৫ ম্যাচে গোল করার অনন্য মাইলফলকও স্পর্শ করেছে দলটি।

আবদুর রহিম মাসুদ
২৯ দিন আগেবার্সেলোনা বলে কথা। আবার জিগায়