ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গতকাল দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের ঘোষিত দলে নিগার সুলতানা জ্যোতির কাঁধে থাকছে অধিনায়কের দায়িত্ব। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। বিশ্বকাপকে সামনে রেখে আগামীকাল শুরু হবে মেয়েদের প্রস্তুতি ক্যাম্প। বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য জানিয়ে গতকাল প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, ‘পাঁচটা ম্যাচের ভেতরে আমাদের আশা আছে আমরা তিনটা ম্যাচে ইনশাআল্লাহ জিতবো। আমাদের লক্ষ্য হচ্ছে নেদারল্যান্ডস, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এই তিনটা দল নিয়ে আমরা খুব কাজ করছি। এই তিনটা ম্যাচ আমাদের জেতা উচিত।’ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে টাইগ্রেসরা। ঘরের মাঠে হওয়া সেই সিরিজে ধবলধোলাই হয় বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে টাইগ্রেসদের হয়ে মাঠে নামা শারমিন সুলতানা বিশ্বকাপের দলে জায়গা পাননি। তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন তাজ নেহার। ডানহাতি এ ব্যাটার ২০২৫ সালের জানুয়ারীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
বাংলাদেশ দলের ব্যাটিংয়ের মূল দায়িত্ব সামলাবেন অধিনায়ক জ্যোতি নিজে। তাকে যোগ্য সঙ্গ দেবেন শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি এবং দিলারা আক্তার। টপ ও মিডল অর্ডারের এই ব্যাটারদের পাশাপাশি দলের রান বাড়ানোর মিশনে বড় ভূমিকা পালন করবেন অলরাউন্ডার স্বর্ণা আক্তার, রাবেয়া খান ও ঋতু মণি। কাগজে-কলমে বাংলাদেশের আসল শক্তির জায়গা তাদের স্পিন বিভাগ। নাহিদা আক্তারের নেতৃত্বে স্পিন আক্রমণে প্রতিপক্ষকে কাপিয়ে দিতে প্রস্তুত সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন। হাত ঘুরাবেন স্বর্ণা ও রাবেয়াও। অন্যদিকে পেস অ্যাটাকের নেতৃত্বে থাকছেন মারুফা আক্তার। তার সাথে গতির ঝড় তুলতে প্রস্তুত বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা ও রিতু মনি। পেস বোলিংয়ে ঘাটতি দূর করার বিকল্প পেসার ভাবা হচ্ছে রিতুকে। প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ বলেন, ইংল্যান্ডের কন্ডিশনে একাদশে একজন পেসার খেলানোর চিন্তা আছে তাদের। তিনি বলেন, ‘আমাদের ইচ্ছা আছে ইংল্যান্ডের কন্ডিশনে যদি বল বেশি ঘুরে তাহলে দুই পেস বোলার খেলানোর। কিন্তু সামপ্রতিক সময়ে আমি যা দেখছি ইংল্যান্ডে গ্রীষ্মে বল ওরকম মুভ করে না। উপমহাদেশের মতোই উইকেট হয়ে গেছে।’
আগামী ২৫শে মে স্কটল্যান্ডের এডিনবার্গের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগ্রেসরা। বিশ্বকাপের আগে জ্যোতিদের প্রস্তুত হওয়ার মঞ্চ হতে যাচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। সিরিজ শেষে ইংল্যান্ডের লাফবরোতে যাবে যাবে বাংলাদেশের মেয়েরা। সেখানে গিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে দল।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ। যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ হিসেবে থাকছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ১২ই জুন এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই মাঠে দুইদিন পর অর্থ্যাৎ, ১৪ই জুন প্রথমবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।
