রিয়াদে গাড়িচাপায় প্রাণ গেল প্রবাসীর

রিয়াদে গাড়িচাপায় প্রাণ গেল প্রবাসীর

ফন্ট সাইজ:

সৌদি আরবের রিয়াদে কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম (২৭) নামে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে রিয়াদ শহরের বাতা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার টাঙ্গাব ইউনিয়নের বামনখালী গ্রামের আসাদ মিয়ার ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। শনিবার রাতে তার ছোট ভাই আলমগীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পরিবার সূত্রে জানা যায়, সংসারের সচ্ছলতার আশায় প্রায় দেড় বছর আগে সৌদি আরব যান জাহাঙ্গীর। সেখানে তিনি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।

ঘটনার দিন সকালে বাতা মার্কেট এলাকায় সড়ক পরিষ্কারের দায়িত্ব পালন করছিলেন তিনি। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের ছোট ভাই আলমগীর হোসেন বলেন, রিয়াদে পরিচ্ছন্নতার কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন জাহাঙ্গীর। গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

জাহাঙ্গীরের বাবা আসাদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় জমি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। কিন্তু কাজ করতে গিয়ে সে মারা গেল। তার স্ত্রী ও এক কন্যাসন্তান রয়েছে। এখন তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। তিনি ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন