ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

ফন্ট সাইজ:

ময়মনসিংহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলো- জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের তিন ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)। রোববার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এই রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় ৬ অভিযুক্ত আদালতে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে বিচারক। অপর তিনজনকে খালাস দেন।

মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, ২০০৮ সালের ১০ই আগস্ট সকালে জেলার গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের ভিক্টিম নুরুল হকের বাড়ির পাশে বরই বাগানে একদল ছেলে ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফুটবল নুরুল হকের টিনের বেড়ায় লাগে। এতে নুরুল হক ক্ষিপ্ত হয়ে ছেলেদের খেলা বন্ধ করে তাড়িয়ে দেয়। পরে ছেলেদের স্বজনদের শাহবাজ মিয়াসহ তার পরিবারের লোকজনকে নিয়ে এসে নুরুল হকের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। পরে গুরুতর আহত অবস্থায় নুরুল হককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর নিহত নুরুল হকের ছেলে কাজল মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলা তদন্ত করে পুলিশ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণে তিনজন হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। মামলায় রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি ছিলেন- এড. এএইচএম মাসুদুল আলম খান তান্না ও আসামিপক্ষে ছিলেন এড. খালেকুজ্জামান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন