|
এনটিভির ঈদ সংগীতানুষ্ঠানে ফজলুর রহমান বাবু-চঞ্চল চৌধুরী |
|
Monday, 16 August 2010 |
|
স্টাফ রিপোর্টার: ঈদের জন্য নির্মিত এনটিভির একটি সংগীতানুষ্ঠানে অংশ নিচ্ছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। অনুষ্ঠানটিতে অংশ নেবেন এমন সব অভিনয় শিল্পী, যারা গানের ক্ষেত্রেও নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী ছাড়াও এ সংগীতানুষ্ঠানে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে হাসান মাসুদ, স্বাগতাসহ বেশ কয়েকজন অভিনয় কাম শিল্পীর।
জানা গেছে, অনুষ্ঠানে নিজেদের গাওয়া একটি করে গান করবেন ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। ভিন্নধর্মী এমন একটি অনুষ্ঠানে গান গাওয়ার বিষয়ে ফজলুর রহমান বাবু বলেন, আসলে আমি তো মূলত অভিনয় শিল্পী। তবে গান গাই মনের আনন্দের জন্য। আর মাঝেমধ্যে অভিনয়ের বাইরে এ ধরনের ভিন্নধর্মী অনুষ্ঠানে গান গাইতে ভালই লাগে। তাই এ অনুষ্ঠানে গান গাওয়া। এ বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘মনপুরা’ চলচ্চিত্রে গান গাওয়ার পর থেকে আসলে অনেকেই গান গাইতে অনুরোধ করেন। অ্যালবামেও তো গান গাইলাম। তো গতবারের ঈদেও বেশ কয়েকটি চ্যানেলের সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছি। এবারও এনটিভির এ প্রোগ্রামে গাইবো। আসলে মাঝেমধ্যে গান গাইলে একাধারে অভিনয় করা থেকে কিছুটা হলেও বিরতি পাওয়া যায়। মনটাও ঝরঝরে মনে হয়। আবার পূর্ণোদ্যমে কাজ করার শক্তিটা ফিরে পাই।
|