|
Monday, 16 August 2010 |
|
স্টাফ রিপোর্টার: এক নাটকের দু’বার শুটিং করলেন তমালিকা কর্মকার। একই সঙ্গে দেড় মাসের ব্যবধানে হুমায়ূন আহমেদের এক নাটকের দু’বার শুটিং হলো। নাটকটির নাম ‘নষ্টবাসর’। মাস দেড়েক আগে হুমায়ূন আহমেদের চিত্রনাট্য নিয়ে নাটকটি প্রথম নির্মাণ করেন ইংল্যান্ড ফেরত নতুন নির্মাতা শহীদ রানা। চিত্রনাট্য অনুযায়ী শহীদ রানার নাট্যনির্মাণ হুমায়ূন আহমেদকে মনঃপূত করতে পারেনি।
তার ওপর এ চিত্রনাট্যটি হুমায়ূন আহমেদের লেখা হাতেগোনা কয়েকটি পছন্দের চিত্রনাট্যের মধ্যে একটি। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অতি পছন্দের চিত্রনাট্য বলেই হুমায়ূন আহমেদ নাটকটি নিজেই নির্মাণের দায়িত্ব নেন শেষ পর্যন্ত। গত সপ্তাহে নুহাশ পল্লীতে নাটকটির শুটিং সম্পন্ন হয়। অভিনয় শিল্পী একই- জয়ন্ত চট্টোপাধ্যায়, তমালিকা কর্মকার ও নাজনীন নাজ। একই নাটকে দ্বিতীয়বার অভিনয় প্রসঙ্গে তমালিকা কর্মকার বলেন, এমনটা হতেই পারে। আগের চেয়ে এবারের কাজটি ভাল হবে, চরিত্রগুলো আরও ফুটে উঠবে, ভালভাবে প্রকাশ পাবে চিত্রনাট্যের ভাব। মূলত সেজন্যই স্যার নাটকটি রিশুট করলেন। আমরাও অতি উৎসাহ নিয়ে আবার স্ব-স্ব চরিত্রে অভিনয় করলাম। তমালিকা আরও জানান, এ নাটকে প্রথমবার শুটিং করার সময় বিড়ালের নখের আঁচড় খেয়ে পাঁচটি ভ্যাকসিন নিতে হয়েছিল। আর ওই বিড়ালটি ছিল প্রথমবার শুটিংয়ের সময় তমালিকার সহশিল্পী! এবারও চরিত্রের প্রয়োজনে একটি বিড়াল অভিনয় করেছে। তবে তমালিকা জানান, আগেরবারের বিড়ালটি ছিল অনেক বদমেজাজি। সহশিল্পী হিসেবে খুবই বাজে ছিল। তবে এবারের বিড়ালটি বেশ শান্তশিষ্ট। তবুও শুটিংয়ের সময় ভয়ে ভয়ে ছিলাম। এদিকে জানা যায়, একটি রাতের গল্প দিয়ে সাজানো হয়েছে ‘নষ্টবাসর’-এর চিত্রনাট্য। নাটকটি আসন্ন ঈদে যে কোনো একটি চ্যানেলে সমপ্রচারের কথা রয়েছে।
|