|
হুমায়ূন আহমেদের নাটকে আবারও কুদ্দুস বয়াতী |
|
Monday, 16 August 2010 |
|
স্টাফ রিপোর্টার: ‘এই দিন দিন নয় আরও দিন আছে, এই দিনেরে নিবো আমরা সেই দিনেরও কাছে’- এ একটি গান দিয়ে কুদ্দুস বয়াতীর রাজকীয় উত্থান ঘটে পুরো বাংলাদেশে, একযোগে। এক যুগ আগে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘শুক্লপক্ষ’তে কুদ্দুস বয়াতী এ গানটি কণ্ঠে তুলে দারুণ জনপ্রিয়তা পান।
বিটিভিতে প্রচারিত জনসচেতনতামূলক এ ধারাবাহিকে কুদ্দুস বয়াতী নিজ নামে নিজ চরিত্রেই অভিনয় করেন। মূলত এরপর থেকে কুদ্দুস বয়াতী দেশ ছাড়িয়ে বিদেশেও দারুণ জনপ্রিয়তা পান। সেই সঙ্গে গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। একই গান কণ্ঠে নিয়ে অনেকটা একই চরিত্রে এক যুগ পর একই নির্মাতার বিশেষ নাটকে আবারও অভিনয় করছেন এ বাউল। বিটিভি’র ঈদের বিশেষ নাটক হিসেবে নির্মিত এ নাটকের নাম ‘সাদাবাড়ী’। এ নাটকে কুদ্দুস বয়াতী ছাড়াও অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, ফারুক আহমেদ, মাজনুন মিজান, শামীম শাহেদ প্রমুখ। নাটকে কুদ্দুস বয়াতীর সহকারী হিসেবে দারুণ একটি চরিত্রে অভিনয় করেছেন শামীম শাহেদ। নির্মাতা সূত্রে জানা যায়, ‘শুক্লপক্ষ’ নাটকের হুবহু চরিত্রে অভিনয় করছেন কুদ্দুস বয়াতী। এবারও তিনি জনপ্রিয় সেই গানটিকে কণ্ঠে তুলে মানুষকে সচেতন করে তুলবেন। গাইবেন জাগরণের গান। এদিকে আবারও একই চরিত্রে অভিনয় প্রসঙ্গে কুদ্দুস বয়াতী বলেন, ‘১২ বছর আগে স্যার যখন আমাকে দিয়ে গানটি গাওয়ান এবং অভিনয় করান, সেটা ছিল আমার দ্বিতীয় জন্ম। আর এবার যখন আবারও গাওয়ালেন, অভিনয় করালেন, তখন মনে হলো এটা আমার তৃতীয় জন্ম। স্যারের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি ভাবি নাই স্যার আমাকে আবারও ডাকবেন। আবারও জন্ম দিবেন নতুন করে।’ এদিকে আরও জানা যায়, এক যুগ আগে বিটিভিতে প্রচার হওয়া জনসচেতনতামূলক ‘শুক্লপক্ষে’র আদলেই নির্মিত হয়েছে এ খণ্ড নাটকটি। ‘সাদাবাড়ী’ শীর্ষক এ নাটকটির গল্প সাজানো হয়েছে আয়কর বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর। নুহাশ চলচ্চিত্র সূত্রে জানা যায়, শিগগিরই বিটিভির জন্য ‘শুক্লপক্ষ’ ধারাবাহিকটির সিকুয়্যাল ধারাবাহিক নির্মাণ করবেন হুমায়ূন আহমেদ।
|