তেঁতুলিয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১
Tuesday, 27 July 2010
পঞ্চগড় প্রতিনিধি: জমি নিয়ে সংঘর্ষে ওহিদুল হক (৩২) নামের এক ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় ও ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে তেঁতুলিয়া উপজেলার জায়গিরজোত গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, জায়গিরজোত গ্রামের রমিজউদ্দিন ও তার চার ভাই দীর্ঘদিন ধরে
এলাকার বাংলাবান্ধা মৌজায় প্রায় এক একর জমি ভোগ দখল করে আসছিল। বাংলাবান্ধা গ্রামের প্রভাবশালী জাকির হোসেন, রমিজ উদ্দিনের পিতার কাছে একই খতিয়ানভুক্ত কিছু জমি ক্রয় করে। কিন্তু জাকির হোসেন বিক্রেতার পুত্র রমিজ উদ্দিনের কাছে যে জমি দাবি করে তা জাকির হোসেনের দলিলে উল্লেখ নেই। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রায় ৬ মাস ধরে জমি নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। রমিজ উদ্দিন বিষয়টি সুরাহার জন্য তেঁতুলিয়া থানার শরণাপন্ন হন। গত বুধবার তেঁতুলিয়া থানা পুলিশ দু’পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে ঘটনাস্থলে গিয়ে জমি ভাগাভাগি করে দেয়। রমিজ উদ্দিন সেখানে রোপা লাগানোর জন্য জমি প্রস্তুতও করে। সেই জমিতে প্রভাবশালী জাকিরের লোকজন রোববার গভীর রাতেই রোপা লাগায়। গতকাল সোমবার সকালে রমিজউদ্দিন তার ভাই ওহিদুল ও বাড়ির লোকজন রোপা দেখে সে নিজেরও রোপা লাগাতে থাকে। এ সময় জাকিরের আগে থেকেই ভাড়া করা এলাকার চিহ্নিত দুর্ধর্ষ  ডকু ডাকাত ও তার বাহিনী ওহিদুল, রমিজউদ্দিন ও তাদের পরিবারের লোকজনদের আক্রমণ করে। এ সময় ভাড়া করা লোকদের আঘাতে ওহিদুল গুরুতর জখম হয়। তাকে তেঁতুলিয়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও তাদের পরিবারের আরও ১০ জন আহত হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় নিহত ওহিদুলের মামা খোরশেদ আলম বাদী হয়ে তেঁতুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 
< পূর্বে   পরে >




 

সর্বশেষ খবর